সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শামীমকে প্রথম দফায় মারধর করা হয়। আহত অবস্থায় তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। তবে সেখানে দ্বিতীয় দফায় আবারও গণপিটুনির শিকার হন তিনি।
মধ্যরাতে শামীমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, ফজলুল হক আমিনী নামে একজন ফেসবুক লাইভে শামীমের বিরুদ্ধে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগ করেন। নিহত শামীমের পরিবারের দাবি, এই অভিযোগের জের ধরেই হামলা চালানো হয়।
শামীমের স্বজনরা জানান, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন।