যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ফলে তাঁর মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর মাথায় চারটি সেলাই দেন।
হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে সমু চৌধুরী বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তিনি জানান, হামলার সময় তিনি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।
সমু চৌধুরী বলেন, “এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর আমাকে ইট দিয়ে আঘাত করে।” স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”