ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং আকাশ মালদার ওরফে হাসিব (২৮)।
পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাধানগর এলাকার মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে জারু মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে, জারু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মালদারকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন ও পিতলের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের চিহ্নিত দুই চোরকে মালামালসহ গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি তাজুল ইসলাম (৬২) এর বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।