ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিজেদের স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু।
পুলিশ জানায়, দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে ক্ষুব্ধ হয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সোমবার, ২৬ নভেম্বর, তারা নিজেদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)কে হত্যা করেন।
হত্যার পর, মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে করে পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়। গুমলার পুলিশ সুপার হরিস বিন জামা জানান, অভিযুক্তরা হত্যার পর প্রথমে দাবি করেন যে, তাদের স্ত্রীরা বাড়ি ছেড়ে চলে গেছেন।
তবে, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তারা হত্যার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানান, নিহত দুই নারীর পরিবারের সদস্যরা হত্যার দিন সকালে তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সে সময় সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মা সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।