নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত পিলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গ্রেফতার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত পিলেট উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।