রাজধানীর ওয়ারী ও গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-মাদক কারবারের গডফাদার ‘অটো সজল’ ওরফে সজলসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার (১৯ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম এই তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২ মার্চ ওয়ারী এলাকায় অভিযানের সময় একটি চক্র পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার তদন্তের সূত্র ধরে রাজধানীর শামীবাগ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে সজল ওরফে অটো সজল, বাপ্পি, শামসুন্নাহারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি অত্যাধুনিক পিস্তল ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, উদ্ধারকৃত অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। অভিযানে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।