ঝালকাঠির কাঠালিয়ায় ট্রিপল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইদ্রিস শিকদার (৪৯) ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার র্যাব-৩ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, ইদ্রিস শিকদার ও তার ভাই কুদ্দুস শিকদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৮ সালের ২৭ জুলাই রাতে, তারা পূর্ব পরিকল্পিতভাবে বড় ভাই মানিক শিকদারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
হামলার সময় ইদ্রিস শিকদার ও কুদ্দুস শিকদার দা নিয়ে মানিক শিকদার এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগমের ওপর আক্রমণ করেন। এলোপাথারি কিল, ঘুষি ও লাথির মাধ্যমে তারা গুরুতর জখম করেন। অচেতন হয়ে পড়ার পর তাদেরকে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হত্যার পর ইদ্রিস শিকদার নিজেই ভূয়া হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্তে ভূয়া মামলা প্রমাণিত হলে পুলিশ তাকে অভিযুক্ত করে। পরে ঝালকাঠির বিশেষ দায়রা জজ আদালত ইদ্রিস শিকদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
মামলার পর থেকে ইদ্রিস শিকদার বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক ছিলেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।