মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাসেল ও আরাফাত নামে দুই যুবক রয়েছেন।
রাসেল সাভারের ব্রাক্ষণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে এবং আরাফাত একই গ্রামের মো. কাওছারের ছেলে। দুর্ঘটনার পর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর জানান, সন্ধ্যার দিকে আরিচাগামী মুরগী বহনকারী একটি খালি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রাসেল ও আরাফাতের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।