মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফাঁসির পলাতক আসামি জামাল পত্তনদার গ্রেপ্তার

রাজবাড়ীর রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল পত্তনদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ফাঁসির পলাতক আসামি জামাল পত্তনদার গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, জামাল দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।

র‍্যাব-১০-এর ক্যাম্প কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা সোমবার দুপুরে ফরিদপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া গ্রামের হোসেন পত্তনদারের ছেলে।

২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে শিক্ষার্থী রিপন মন্ডলকে হত্যা করে জামাল। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার পর জামাল ভারতে পালিয়ে যায়। পরে ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ তাকে গ্রেপ্তার করে। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে জামাল বাংলাদেশে ফিরে আসে।

দেশে ফেরার পর র‍্যাব জামালের ওপর বিশেষ নজরদারি শুরু করে। স্থানীয় ও গোয়েন্দা সূত্রে র‍্যাব জানতে পারে, জামাল আবারও কন্ট্রাক্ট কিলিংয়ে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে র‍্যাব গোপন নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালের অবস্থান শনাক্ত করে। গতকাল রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন