মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসের নারী ও শিশুসহ অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী বাসটি মাওয়া ঢালে পৌঁছালে অতিরিক্ত ও বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালানোয় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।
আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।