মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আছিয়ার হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবি পরিবারের

আছিয়ার মা ও গ্রামবাসী হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

আছিয়ার হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবি পরিবারের

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার মামলায় হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখায় তার পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। আছিয়ার মা আয়েশা আক্তার ও স্থানীয় গ্রামবাসীরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

আছিয়ার মা বলেন, “তাদের এমনভাবে ফাঁসি দিক, যাতে গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে সরকার বিচার করতে পারে।” তিনি আরও জানান, “আমার আরেকটা ১১ বছরের বাচ্চা স্কুলে যায়, আমার অনেকটা ভয়ই করে।”

স্থানীয় এক গৃহবধূ বলেন, “আমরা রায়ের খবর শুনে খুশি হলাম। রায় হয়েছে, এখন ফাঁসি হয়ে যাক, এটাই আমরা চাই।” অপর এক বৃদ্ধ বলেন, “রায় হওয়ায় আমরা খুশি। আমরা চাই দ্রুত এই ফাঁসি কার্যকর হোক।”

আজ সোমবার দুপুরে হাইকোর্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায় দেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মামলার আসামি হিটু শেখের স্বীকারোক্তি এবং ডিএনএ রিপোর্ট এই মৃত্যুদণ্ডের মূল প্রমাণ হিসেবে কাজ করেছে।

এর আগে, রাষ্ট্রপক্ষের আবেদনে গত ২৫ আগস্ট মামলায় রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করে হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় ২৪ আগস্ট।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় সাক্ষীদের জবানবন্দি ও আছিয়ার বড় বোনের শ্বশুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে উপস্থাপন করা হয়েছে। ২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গেলে ৮ বছরের আছিয়াকে ধর্ষণ করে বড় বোনের শ্বশুর হিটু শেখ। অতিরিক্ত রক্তক্ষরণ হলে আছিয়াকে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।

বিজ্ঞাপন