মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
গত ২৫ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার রায় ৩১ আগস্ট নির্ধারণ করেন। মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় ২৪ আগস্ট।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় সাক্ষীদের জবানবন্দি, আসামি হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
এর আগে, মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং বাকি তিন আসামিকে খালাস দেয়।
২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গিয়ে ৮ বছরের আছিয়া ধর্ষণের শিকার হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রথমে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। পরে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়।