মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত শনিবার (২৯ আগস্ট) ময়েনদা বাজারে সোলায়মান মাতুব্বরের ওপর হামলা চালায় মান্নান মাতুব্বরের লোকজন, ফলে তিনি গুরুতর আহত হন। মুশফিক বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে সোলায়মানকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর মুশফিক বিল্লাহর ওপরও হামলা হয়, যাতে তিনিও আহত হন। অভিযোগ রয়েছে, মান্নান মাতুব্বরের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১২ জনের একটি দল এই হামলা চালায়।

রোববার বিকেলে মান্নান মাতুব্বরের লোকজন পরমেশ্বরদী গ্রামের ছরোয়ার খাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং পাট ও পেঁয়াজ লুট করে নিয়ে যায়। পরে খাড়দিয়া গ্রামের হুমায়ন খাঁ ও রফিক মোল্যার নেতৃত্বে সংঘর্ষ শুরু হয়, যাতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন জানান, সন্ধ্যার পর বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন