মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গেন্ডারিয়ায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ৩ জন

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গেন্ডারিয়ায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ৩ জন

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিনী আশা আক্তার (২৮)।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন এবং সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে এসেছিলেন। সেখানে হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে সাটার বন্ধ করার চেষ্টা করছিলেন। তখনই তার ডান কাঁধে একটি গুলি লাগে।

আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামীও ওই চা দোকানে কাজ করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের ভেতর অবস্থান করছিলেন এবং কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।

আহত আশা আক্তার বলেন, তিনি ওই এলাকায় থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মাঝে পড়ে যান এবং তার ডান পায়ের রানে গুলিবিদ্ধ হন। তবে তিনি জানেন না কারা গোলাগুলি করছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে নারীসহ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে।

বিজ্ঞাপন