রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন আশা আক্তার (২০), আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, তারা ঘটনাস্থলে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ী হিসেবে অবস্থান করছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গেন্ডারিয়া থানা পুলিশ বলছে, মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।