কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রাবেয়া খাতুন নামে একজনের মৃত্যু হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মিলন মিয়া ও তার মেয়ে জারা মানি মারা যান। নিহত রাবেয়া খাতুন মিলন মিয়ার শ্বাশুড়ি।
এদিকে, আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।