জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাব দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মো. পনি, যিনি প্যারা পনি নামে পরিচিত।
র্যাব-২ জানায়, পনির সহযোগী হিসেবে আরেকজনকে আটক করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার ভোরে রনজিলা পারভীন স্বামীর সঙ্গে চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসেন। সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষিকার স্বামী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আজ রোববার বিকেল ৪টার দিকে র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।