রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক।" এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মন্ত্রী জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, "এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।"
তিনি আরও জানান, মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদক সেবনের সম্পৃক্ততা আছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রীর মতে, এসব হত্যার ঘটনায় সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।