রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত বিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইনের তাগার পাড় এলাকার আব্দুল কাদেরের মেয়ে। তিনি একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
শহিদুল ইসলাম নামের এক পথচারী জানান, বিনা বেগম অফিস শেষে বাসায় ফেরার পথে শ্যামপুর হাইওয়ে সড়কে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।