গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় ঘাস কাটা নিয়ে মনির সরকারের ছেলে নিলয় সরকারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেলের তর্কবিতর্ক শুরু হয়। এই ঝগড়ার জেরে রাসেল নিলয়ের ওপর হামলা চালায়। স্থানীয় আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌছালে রাসেল ধারাল অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দুপুরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মরদেহটি সম্পর্কে প্রাথমিকভাবে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
অন্যদিকে, কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান নামে এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত শিশু জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।