রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে আসেন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে পৌঁছান এবং সেখান থেকে রিকশায় করে হাসপাতালে রওনা দেন।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মাথা ফেটে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ‘ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

বিজ্ঞাপন