ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ঘারুয়া ইউনিয়নের মুজরীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষটি শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জিকরিয়া সিকদার ও রাজা মাতুব্বরের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর পরপরই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায়। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।