রংপুরের চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের পক্ষে আইনজীবী সমিতি আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি পাবলিক প্রসিকিউটর আফতাব হোসেন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যা সহ মোট চারজনকে হত্যা করা হয়েছে।
এটি একটি নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে আফতাব হোসেন বলেন, "রংপুরের ইতিহাসে এমন ধরনের একই পরিবারের নৃশংস হত্যাকাণ্ড এর আগে ঘটেনি।" আইনজীবী সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে এবং তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে যত প্রকার সহযোগিতা প্রয়োজন, তা আইনজীবীরা প্রদান করবে।
তবে গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধকে কোন ধরনের আইনি সহায়তা দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।