রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় স্বীকারোক্তি দেওয়া আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে জেলগেটে দুই দিনে তিন ঘণ্টা করে মোট ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত সংস্থা বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিন্নাত আলীসহ দুইজন ডিবি সদস্যের উপস্থিতিতে এই জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একই রুমে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।
তিনি বলেন, "আসামিদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের যে অনুমতি পেয়েছিলাম, আজকে তার শেষ দিন। আসামীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি।" তিনি আরও জানান, তদন্তের প্রয়োজনে যতটুকু গভীরে যাওয়া লাগে, তারা ততটুকু গভীরেই যাবেন।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট ভোর রাতে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। পরে, ২২ আগস্ট রাত ১১ টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এই ঘটনায় ২৩ আগস্ট সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করে পুলিশ। ঐদিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এছাড়া, ২৫ আগস্ট সীমান্ত এবং বিদ্যুৎ নামে দুইজন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।