বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে ট্রান্সফর্মার চুরির মামলা না নেওয়ায় ওসিকে শোকজ

চাঁদপুরে ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনায় ওসিকে আদালতের শোকজ।

চাঁদপুরে ট্রান্সফর্মার চুরির মামলা না নেওয়ায় ওসিকে শোকজ

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তারা মামলা করার জন্য আবেদন করেছেন। তবে, ২২টি পৃথক ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান কোনো মামলা রুজু করেননি।

এই পরিস্থিতিতে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ গতকাল সোমবার বিকেলে ওসি কামরুল হাসানকে শোকজ করেছেন। আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন আইনানুগ আদেশ দেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে।

মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে চুরি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এবং থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার ওয়াহিদুজ্জামান জানান, ট্রান্সফর্মার চুরির প্রত্যেকটি ঘটনায় মতলব উত্তর থানার ওসির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরও আদালতের আদেশ দেওয়ার পূর্বে একটি মামলাও রুজু করেননি ওসি।

তিনি আরও বলেন, বিদ্যুতের মতো জরুরি সেবার যন্ত্রাংশ চুরির ঘটনা অপরাধ হলেও মামলা রুজু না করে চুরি প্রতিরোধে পদক্ষেপ না নেওয়ায় আদালত ওসিকে শোকজ করেছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, তিনি শোকজের কোনো চিঠি পাননি এবং ট্রান্সফার চুরির তিনটি মামলা নিয়েছেন, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন