জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু মেরামতের চেষ্টা করলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়।
রাজুকে বাঁচাতে ছুটে আসা মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন। এ অবস্থায় দাদি বুলি বেগম তাদের সাহায্য করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়।
বুলি বেগমকে সংকটাপন্ন অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।