যশোরের শার্শা উপজেলায় দুই শিশুপুত্রের মৃত্যুর পর কামাল হোসেন (৪৫) নামে এক বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তার মোট সাতটি সন্তান রয়েছে। তার সর্বশেষ স্ত্রী পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান।
মঙ্গলবার দুপুরে কামাল হোসেনের বাড়ি থেকে পাঁচ বছর বয়সী সাবির ও আড়াই বছর বয়সী জাবিরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনা জানার পর শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কামাল হোসেন আত্মহত্যা করেছেন। শিশু দুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”