চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও সদর উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এবং দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিন দিয়ে গরুর ঘাস কাটার সময় কৃষক লিটন আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে চালক নাসির উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও, ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরির সময় শফিকুল ইসলাম নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পৃথক তিনটি ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।