জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে জামাল উদ্দিন জিলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার উদয়পুর ইউনিয়নের চাকবাড়ই (ইটাতলা) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জামাল উদ্দিন স্থানীয় মোসলেমগঞ্জ বাজারে মোটরসাইকেল পার্টসের ব্যবসা করতেন। তার ছেলে রাসেল জিলাদার মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের গভীর নলকূপের ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার একটি বাঁশ দিয়ে ঠেকানো ছিল। সকালে রাসেল ওই তারটি বাঁশ দিয়ে ওপরে তোলার চেষ্টা করেন। এ সময় তারের ছেঁড়া অংশে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
দূরে থাকা বাবা জামাল উদ্দিন ছেলেকে উদ্ধার করতে দ্রুত ছুটে যান। তিনি রাসেলকে সজোরে ধাক্কা দেন, ফলে রাসেল প্রাণে বেঁচে যান। কিন্তু জামাল উদ্দিন বিদ্যুতের তারে আটকে যান।
স্থানীয়রা জামাল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।