থাইল্যান্ডের ব্যাংককের একটি স্কুলে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
পুলিশের সূত্রে জানা যায়, হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণির শিক্ষার্থী। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। হামলার আগে সে তার দাদা–দাদিকে হত্যা করে, যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হামলার শিকার হওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘটনার সময় তারা ভেবেছিল বাইরে আতশবাজি ফুটছে। কর্তৃপক্ষ হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল হতাহতদের প্রতি শোক জানিয়েছেন। দেশটির অস্ত্র আইন কঠোর হলেও, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের কাছে বন্দুকের হার অন্যতম বেশি।
সম্প্রতি থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগের। দেশটিতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।