যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন বেসামরিক ব্যক্তি এবং একজন সন্দেহভাজন হামলাকারী রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিশেষায়িত দল পৌঁছায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ভবন থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়। তারা দাবি করেছেন, অন্তত ২৫ থেকে ৩০ রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ওই স্থান থেকে দূরে থাকার নির্দেশ দেয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।