পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় একটি লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলুগাজীর মোড়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ঘাতক বাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসচালককে শনাক্ত ও আটক করার জন্য পুলিশ কাজ করছে।"
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।