নাটোরে আনারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চাঁদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আনারুল রাজশাহীর পুঠিয়া উপজেলার দাশমারিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। সদর থানার ওসি মনসুর রহমান জানান, আনারুল দীর্ঘদিন ধরে চাঁদপুর বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন।
রাতের এই হামলার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে চাকুর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
পুলিশ হত্যার কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।