বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

কুড়িগ্রাম এক্সপ্রেস নামের চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় রেলওয়ে পুলিশ এই সিদ্ধান্ত নেয়। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার ট্রেনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর এবং অজ্ঞাত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্করকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

প্রত্যাহার করা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সান্তাহার রেলওয়ে পুলিশের এটিএসআই মো. খোকন এবং তিন কনস্টেবল আশিকুর রহমান, গোলাম মোস্তফা ও ফজলে রাব্বি। ওসি মো. দুলাল উদ্দিন জানান, দায়িত্ব অবহেলার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এবং পাকশী রেলওয়ে জেলা পুলিশে ক্লোজড করা হয়েছে।

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ ধর্ষণের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ভুলবশত ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। পরে তাকে মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে স্বাক্ষর নেয়।

অভিযোগে বলা হয়, এরপর পুলিশের সামনেই ক্যান্টিন বয় আবু বক্কর তাকে ধর্ষণ করে এবং এক পুলিশ সদস্য তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়। বিষয়টি জানাতে ভুক্তভোগী তার ছেলেকে ফোন করেন, যিনি ট্রিপল নাইনে কল করে সাহায্য চান। পরে রেলওয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে।

বিজ্ঞাপন