নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে ১২ বছর বয়সী স্কুলছাত্রী আফরা ইভনাতকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজারামপুরের বসুন্ধরা কলোনীতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয়।
আহত আফরা ইভনাত হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং এবিএম মোকাররম হোসেনের মেয়ে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
জানা যায়, ইভনাত সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় তিনি বাসার একটি কক্ষে অপরিচিত তরুণকে দেখে চিৎকার দেন। তরুণটি পালানোর চেষ্টা করলে ইভনাতকে ধারালো কিছু দিয়ে আঘাত করে। পরে ইভনাতের আত্মচিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের মতে, ঘটনার পর ওই তরুণকে আটক করা হয়, যিনি নিজেকে জিসান ও মেহেদি নামে পরিচয় দিয়েছেন। তিনি কুমিল্লার শাসনগাছা এলাকার বাসিন্দা। আটক যুবক দাবি করেন, তিনি গত রাতে কুমিল্লা থেকে নোয়াখালী আসেন এবং সেখানে গাঁজা বিক্রি করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, স্থানীয়রা যুবককে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।