গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, কিছু দিন ধরে এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত আটটার দিকে নুরুল ইসলামকে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।
রাত পৌনে বারোটার দিকে গোপালপুর সোসাইটি মাঠে নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠে। গুরুতর আহত অবস্থায় নুরুলকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয় দুর্বৃত্তরা।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রাতেই সিএনজি অটোরিকশাচালক ও স্থানীয় এক যুবককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।