নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে একদল ডাকাত বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর তারা পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে।
ঘটনার সময় ডাকাতরা ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই সায়মা সুলতানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।