সিলেট নগরের বাগবাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নরসিনটিলা এলাকার প্রমুক্ত একতা-২৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি সম্প্রতি মৌলভীবাজারে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদ থেকে অবসর গ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার স্ত্রী গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান এবং এরপর থেকে তিনি একাই বাসায় বসবাস করতেন।
মঙ্গলবার সারাদিন তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে কক্ষের মেঝেতে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানিয়েছেন, মরদেহ উদ্ধারের সময় নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।