সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ জানায়, গৃহপরিচারিকার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে বাবুল মিয়াকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বাবুলের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। কমিশনার সারোয়ার মুর্শেদ বলেন, হত্যাকাণ্ডের শিকার গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল।
বুধবার সকালে বাবুল মিয়া তাহমিনার সঙ্গে দেখা করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল তাহমিনাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম ঘটনাস্থলে ছুটে আসলে বাবুল তাদেরকেও ছুরিকাঘাত করে হত্যা করে।
হত্যার পর বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পুলিশ তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।