বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থল ঘিরে রাখে। পুলিশ ও সিআইডি বিস্ফোরিত বস্তুটির ধরণ ও উৎস চিহ্নিত করতে কাজ করছে। আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্য জানিয়েছেন, দুপুরের দিকে গেটের পাশে বিকট শব্দ হয় এবং কিছু কাচের টুকরা ও কাঁদা মাটি ছিটকে ওঠে।
বিএনপিপন্থি আইনজীবীরা অভিযোগ করেছেন, জনমনে আতঙ্ক তৈরি করতেই এই ঘটনা ঘটানো হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বরিশাল জেলা জজ কোর্টের আইনজীবীরা বলছেন, গত ৩ আগস্ট বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং এখন আদালত চত্বরে এই নতুন বিস্ফোরণ ঘটেছে।
আইনজীবীদের মতে, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেছেন, এটি ককটেল নাকি পটকা সাদৃশ্য বস্তু তা তদন্ত শেষে বলা যাবে। তিনি জানান, সিসি ক্যামেরা পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। বর্তমানে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।