সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক মিস্ত্রি ওই বাসায় এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে বাসার দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।