নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপ-পরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল মো. ইছাক, মো. ইউছুফ এবং শাহাদাত হোসেন। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দারুল ইহছান মাদরাসার চেয়ারম্যান মো. নূরুল আবছার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন যে, একই এলাকার মানিক মিয়া ও অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত শেষে ফেরার পথে অভিযুক্তরা নির্মাণাধীন ভবনের সিসি ক্যামেরা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ সদস্যরা পুনরায় ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্তরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করেন।
হামলায় জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছেমনা খাতুন, বিয়াধুনি, মনোয়ারা, আয়েশা, অজিউল্লা, আবু সুফিয়ান ও জাবের অন্তর্ভুক্ত রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম জানান, হামলার ঘটনায় পুলিশ পরিদর্শক মঞ্জুর আহামেদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার সাতজনসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার নির্মাণাধীন ভবনের জায়গাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বিবাদী পক্ষ মৌরসী স্বত্ব দাবি করে মামলা করেছে, অপরদিকে অভিযোগকারী পক্ষ ক্রয়সূত্রে মালিক বলে দাবি করছেন।