নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট, আটটি দেশীয় তৈরি বল্লম, একটি স্টিলের ঢাল ও ১৩৬টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সওদাগরকান্দি গ্রামের হাসেন আলীর ছেলে মনির হোসেন (৩৫), মৃত তালেব আলীর ছেলে আলকাছ (৬০) এবং ফারুক মিয়ার ছেলে সাইম ইসলাম (১৪)।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এক সংবাদ সম্মেলনে জানান, সওদাগরকান্দি এলাকায় ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ২ আগস্ট দুই পক্ষের মধ্যে আধিপত্যের জেরে এক পক্ষের হামলায় কৃষক মোমেন মিয়া (৬০) নিহত হন, যা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে।