নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আকস্মিক এই আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বিকেলে হঠাৎ করে গোডাউনের ভেতর থেকে বিকট শব্দ ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে গোডাউনের চারপাশ বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায়, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট ও ভবনের মানুষ নিরাপদ দূরত্বে সরে যান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে ব্যবহৃত কেমিক্যাল মেশিনের যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে কাজ চলছে।