খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফখরুল শেখ (৩৫)।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন।
ওসি জানান, ঘটনার রাতে ফখরুল ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, কারা এবং কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখনো মামলা কিংবা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।