খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে। নিহত তরিকুল ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গফফারের চায়ের দোকানের ভেতরে অবস্থান করছিলেন তরিকুল।
এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু ঘটে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।