সাভার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বোমাসদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানা-পুলিশ লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গতকাল মধ্য রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম রেখে চলে যায়। স্থানীয়রা ড্রামটি খুলে কাপড়চোপড়, কোরআন শরিফ এবং প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকারটি নিরাপদ স্থানে রেখে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা নিশ্চিত করবে যে, প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা।
এদিকে, গতকাল সাভারের দক্ষিণ শ্যামপুরে অভিযান চালিয়ে পুলিশ পাইপবোমা ও ককটেল মিলিয়ে মোট ১৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে। অভিযানে ৫টি বোমা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে ডিএমপির বম্ব ডিসপোজাল টিম।
ডিএমপির সিটিটিসির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর থেকে আরিফ নামের এক যুবককে আটক করেন। তার দেওয়া তথ্যে ভিত্তি করে পুলিশ সাভারে অভিযান চালায়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, গত ডিসেম্বরে কেরানীগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং সম্প্রতি মতিঝিলে বোমা উদ্ধারের সাথে এই বোমা তৈরির সম্পর্ক থাকতে পারে।
গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনের বেঞ্চে ফেলে রাখা একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ প্রেসার কুকার পাওয়া যায়। সেটি ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট এসে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছিল।