রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি ট্রলির ওপর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার পর দুই ব্যক্তি পালিয়ে যায়। হাসপাতালের টলিম্যান আব্দুর রউফ জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরীকে নিয়ে আসে।
তিনি বলেন, ওই দুই ব্যক্তি কিশোরীকে ট্রলিতে তোলেন এবং জরুরি বিভাগের টিকিট কাটার কথা বলে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। পরে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত কিশোরীর গলায় ফাঁস লাগার দাগ এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রযুক্তি সহায়তায় কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।