খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা এবং তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে যুবদলের কর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। স্বজনরা জানান, ফখরুল শেখের পরিবার ইটভাটার মালিক। সেখানে প্রায়ই চুরির ঘটনা ঘটায়, তাই নিরাপত্তার জন্য তিনি মাঝে মাঝে রাতে পাহারা দিতেন।
মঙ্গলবার রাতেও তিনি ভাটায় অবস্থান করছিলেন। রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফখরুল শেখকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ কিংবা অন্য কোনও কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর।