সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

উত্তরখানে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

উত্তরখানে তরুণী সানজিদা আক্তার ইমার মরদেহ উদ্ধার, স্বামী আটক।

উত্তরখানে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর উত্তরখানে বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আমিনুর রহমানকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, সানজিদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সানজিদা পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে। তিনি তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) নিসার আলী তিতুমীর জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে হেলাল মার্কেটের মেরাদিয়া রোডের একটি বাসা থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সানজিদার স্বামী আমিনুর রহমান তাকে হত্যা করেছেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচা মো. সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে সানজিদার বিয়ে হয় আমিনুরের সঙ্গে। তারা দুজনই পড়াশোনা করতেন এবং উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল।

তিনি বলেন, সানজিদা পাবনার এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন এবং প্রায় ৭-৮ মাস আগে ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে তারা উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোডে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন